ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট এসএম কামাল উদ্দিন বলেছেন, এ নির্বাচন নতুন বাংলাদেশ বিনির্মাণের ভোট, ইনসাফ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভোট। পুরাতন বোতলে নতুন মদ আমরা চাই না। গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে তারা দেশের সম্পদ লুটপাট করেছে, অর্থ বিদেশে পাচার করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর পাহাড়ধস বিজয় হবে ইনশাআল্লাহ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীরহাট বাজারের রেলস্টেশন চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ফুলগাজীতে পথসভা ও গণসংযোগে এসএম কামাল উদ্দিন বলেন, নির্বাচনী মাঠে জনগণের সামনে সব প্রার্থীর উচিত এক মঞ্চে দাঁড়িয়ে নিজ নিজ ইশতেহার প্রকাশ করা। এ লক্ষ্যে তিনি জেলা প্রশাসককে অনুরোধ করেছিলেন। তবে প্রতিপক্ষ প্রার্থীর অনাগ্রহের কারণে ফুলগাজীতে এক মঞ্চে ইশতেহার ঘোষণা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। একই মঞ্চে ইশতেহার ঘোষণা হলে জনগণ তুলনামূলকভাবে বিচার করতে পারতো।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। কুতুবপুর থেকে শুরু করে দক্ষিণ শ্রীপুর, তারালিয়া, নোয়াপুর বটতলী বাজার, সীমান্তবর্তী বদরপুর, কামাল্লা, পৈথারা ও জামমুড়া এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যায় পথসভায় বক্তব্য রাখেন।
ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে ফুলগাজী বাজার রক্ষা ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
মুহুরি নদী সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন নদী সংস্কার না হওয়ায় ভাঙন ও বন্যার ঝুঁকি বেড়েছে। ৫৪ বছরেও নদী সংস্কার না হওয়ায় এখন মুহুরি নদীর বাঁধ নির্মাণ ও সংস্কার সময়োপযোগী ও জরুরি।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া এলাকায় টেকসই কর্মসংস্থানের সুযোগ সীমিত। নির্বাচিত হলে ইকোনমিক জোন স্থাপনের মাধ্যমে শিল্পায়ন বাড়ানো এবং প্রায় সাত লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূল, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, ইভটিজিং ও বখাটে উৎপাত বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।
এছাড়া ফুলগাজীকে পৌরসভায় উন্নীত করা, ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠন, রাস্তাঘাট উন্নয়ন, অবৈধ বালি উত্তোলন বন্ধ এবং শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকার করেন তিনি।
গণসংযোগ ও পথসভায় উপজেলা জামায়াতের আমির মো. জামাল উদ্দিন চৌধুরীসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলনের ফেনীর সাবেক নেতাসহ ছালেহ আহমেদ, আনোয়ার হোসেন, মোতালেব হোসেন ও ছায়দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
