ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, জান্নাতে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ, জামায়াত না। জামায়াত একটি মৌলবাদী দল। এরা ক্ষমতা আসলে দেশ ও দশের বারোটা বেজে যাবে। দেশের উন্নয়নের জন্য জামায়াত নয়, বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনলে আমরা সকলে নিরাপদে থাকতে পারব। গতকাল রোববার (১ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার আহবান জানিয়ে মজনু আরও বলেন, একটি রাজনৈতিক দল জান্নাতে পাঠাবে বলে ভোট চাইছে। একটি ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ। আপনারা বলেন, আল্লাহ ছাড়া অন্য কেউ কি জান্নাতে নিতে পারবে? দুনিয়াতে থেকে জান্নাত পাবে এমন খবর পেয়েছিলেন দশ জন সাহাবী। তারা ছাড়া আর কেউ দুনিয়ায় থাকতে জান্নাত পাবার খবর কেউ পায়নি।
দিনব্যাপী বক্সমাহমুদ ইউনিয়নের তালবাড়িয়া, মোহাম্মদপুর সরকারি বিদ্যালয়, দক্ষিন কেতরাঙা চৌরাস্তা, উত্তর কেতরাঙা ঈদগাঁ, দক্ষিণ গুথুমা মানগাজী, বাগমারা জমিয়ার গাঁও দারোগা বাড়ির সামনে, টেটেশ্বর বৈদ্য বাড়ির পাশে, সাতকুচিয়া হাসিনা মঞ্জিলে পৃথক নির্বাচনী পথসভায় অংশ নেন মজনু।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন, যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনিসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বক্সমাহমুদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
